Header Ads

Header ADS

প্রায় নিখুঁত পিএসজির সামনে বিধ্বস্ত লিভারপুল

এক বছর আগের কথা। চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ওটা ছিল দুই দলের সর্বশেষ দেখা। লিভারপুল তখন প্রবল প্রতাপে প্রিমিয়ার লিগের ট্রফির দিকে ছুটছে। খেলায় আগ্নেয়গিরির তেজ। খোদ পিএসজি কোচ লুইস এনরিকে তখন অলরেডদের দরাজ গলায় সার্টিফিকেট দিয়েছিলেন—‘প্রায় নিখুঁত এক দল’।

কিন্তু সময় বড় নিষ্ঠুর। এক বছরের ব্যবধানে গল্পটা পুরোপুরিই বদলে গেছে। আজ রাতে পার্ক দে প্রিন্সেসে যখন আবার মুখোমুখি হবে দুই দল, ‘প্রায় নিখুঁত এক দল’ কথাটা পিএসজির সঙ্গেই বেশি মানানসই।

গত মৌসুমে শেষ ষোলোর সেই লড়াইয়ে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেও অ্যানফিল্ডে স্নায়ুর যুদ্ধে জিতে টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছিল পিএসজি। সেই জয়টাই ছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে তাদের সবচেয়ে বড় টনিক। তারপর থেকে দুই দলের চলার পথ দুই মেরুর দিকে চলে গেছে। আর্নে স্লটের লিভারপুল সেবার প্রিমিয়ার লিগ জিতলেও এই মৌসুমে তাদের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। প্যারিসে পা রাখছে বিধ্বস্ত অবস্থায়।

এই মৌসুমে সমর্থকদের হতাশ করেই যাচ্ছে লিভারপুল।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে হারের ক্ষত এখনো টাটকা। কোচ স্লট তো বলেই দিয়েছেন, তাঁর শিষ্যদের মধ্যে লড়াই করার মানসিকতার অভাব দেখছেন তিনি। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হার লিভারপুলের, পুরো মৌসুমে হারের সংখ্যা ১৫! এখন প্রিমিয়ার লিগের টেবিলের ৫ নম্বরে থাকা দলটির মূল লক্ষ্য আগামী মৌসুমে কোনোমতে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া।

অন্যদিকে ইউরোপ-সেরা হওয়ার পর পিএসজি এবার যেন বসন্তের হাওয়ায় ডানা মেলেছে। চোটের কারণে মৌসুমের মাঝে কিছুটা ছন্দপতন হলেও ঠিক সময়ে স্বরূপে ফিরেছে এনরিকের দল। গত শুক্রবার তুলুজকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানটা আরও মজবুত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। সব মিলিয়ে লিগে ১৭ ম্যাচে ১০ গোল তাঁর, করিয়েছেন আরও ৫টি। আগের রাউন্ডে চেলসিকে একাই নাস্তানাবুদ করেছিলেন খিচা কাভারাস্কেইয়া।

গতকাল অনুশীলনে পিএসজির খেলোয়াড়েরা

তবে পিএসজির একটা দুর্বলতা চোখে পড়ার মতো—গোলপোস্টের নিচে রুশ গোলরক্ষক মাতভেই সাফোনভ ইদানীং হাস্যকর সব ভুল করেছেন। যদিও এনরিকে তার গোলরক্ষককে আড়াল করে বলছেন, ভুল করা ফুটবলেরই অংশ।

লিভারপুলের জন্য তুরুপের তাস হতে পারেন তাদের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হুগো একিতিকে। ২৩ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের জন্য ম্যাচটি আবেগেরও। একসময় পিএসজিতে ব্রাত্য ছিলেন। এমবাপ্পে-মেসি-নেইমারদের ভিড়ে ১৮ মাসে মাত্র ৪ গোল করে ক্লাব ছাড়তে হয়েছিল তাঁকে। ফ্রাঙ্কফুর্ট ঘুরে লিভারপুলে গিয়ে তিনি ৪৩ ম্যাচে করেছেন ১৭ গোল। জাতীয় দলে তাঁর সতীর্থ দেম্বেলে তো মজাই করে বললেন, ‘হুগো দারুণ ফর্মে আছে। শুধু আশা করি, আমাদের বিপক্ষে যেন ও ফর্মে না থাকে!’

চেনা মাঠে একিতিকে কি আজ লিভারপুলকে দারুণ এক উদ্‌যাপনের উপলক্ষ এনে দিতে পারবেন!



No comments

Powered by Blogger.