Header Ads

Header ADS

সে ছিল একুশের ভোর

সে ছিল একুশের ভোর স্বাধীন বাংলাদেশে
শিশিরের কণা ছিল ঘাসে, পলাশ ফুটেছে
তারপর আরেক কবিতার সূচনা...
ভেজা ঘাসে বিছানো চাটাইয়ে চিত্ত সাহার বইয়ের পসরা
এ-ও হয় নাকি, এ রকমভাবে বইয়ের বিকিকিনি?

বুঝিনি সেদিন, এভাবেই উঠে যায় কীর্তিস্তম্ভ
শুরু হয় কোনো কোনো অমর কবিতা,
গঙ্গোত্রী-গোমুখ থেকে যেভাবে
নেমে এসেছিল গঙ্গা-পদ্মা-গড়াইয়ের ধারা

জানি না কার দিব্যচোখে ছিল এই নদীজন্ম
প্রভাতফেরি করে আসা আমরা ক’জনাও
পড়তে পারিনি চিত্তদার দূরাভাসী চোখ

চাটাই বিছিয়ে বই বেচছেন চিত্তরঞ্জন সাহা
একুশের দিনভর: কী অবাক দুরূহ সেই গদ্যছবি
এখন বইয়ের উৎসবে বইগুলো সব স্বপ্নের প্রজাপতি
মেলামাঠজুড়ে পদ্যছবি, অবিনশ্বর আনন্দ-কবিতা

লিখেছিলেন চিত্তদা প্রথম পঙ্‌ক্তি সেই ভোরে।



No comments

Powered by Blogger.