Header Ads

Header ADS

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

এর আগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন এক স্মারকে রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল করেন আলী আফজাল। পাশাপাশি ১৪ সেপ্টেম্বরের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন দাখিল করেন।

ওই আবেদনে সাড়া না পেয়ে বাণিজ্য সংগঠনের ওই সিদ্ধান্ত নিয়ে ২০ সেপ্টেম্বর আলী আফজাল রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও যায়েদ বিন আমজাদ।

পরে আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, রিহ্যাবের সভাপতি হিসেবে আলী আফজালের পদ শূন্য ঘোষণা–সংক্রান্ত বাণিজ্য সংগঠনের স্মারকের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। বাণিজ্যসচিবের কাছে তাঁর করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে রিহ্যাব সভাপতি হিসেবে আলী আফজালের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

হাইকোর্ট আলী আফজালের করা আপিলটি আইন অনুযায়ী নিষ্পত্তি করতে বাণিজ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।

এর আগে বাণিজ্য সংগঠনের ১৪ সেপ্টেম্বরের স্মারকে বলা হয়েছিল, রিহ্যাবের সভাপতি মো. আলী আফজাল বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন ২০২২–এর ধারা ২৩ (১) (খ) অনুযায়ী তাঁর সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।

রিহ্যাবের গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে (২০২৬-২৮ মেয়াদ) সভাপতি নির্বাচিত হন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। তিনি ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিহ্যাবের তৎকালীন সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ১৯৩ ভোট পান।



No comments

Powered by Blogger.