Header Ads

Header ADS

ইতালির কোচ নির্বাচন নিয়ে নাটকীয়তা: পদত্যাগ করলেন মালদিনি ও লিওনার্দো

পাওলো মালদিনি ও লিওনার্দো আর ইতালি ফুটবলের সঙ্গে নেই। ইতালি জাতীয় দলের প্রধান কোচের পদের জন্য তাঁদের প্রস্তাব করা নামগুলো প্রত্যাখ্যাত হওয়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের দায়িত্ব ছাড়লেন ইতালি ও ব্রাজিলের দুই তারকা।

‘স্কাই স্পোর্ট ইতালি’ জানিয়েছে সোমবার বিকেলে ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর হাতে পদত্যাগপত্র তুলে দেন টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি এবং তাঁর উপদেষ্টা লিওনার্দো। এই সিদ্ধান্তের নেপথ্যে মূল অনুঘটক ইতালির কোচের প্রার্থী তালিকা থেকে সাবেক ফুটবলার আন্দ্রেয়া পিরলোর নাম সরাসরি খারিজ হয়ে যাওয়া। রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর স্পনসরশিপ চুক্তি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক জটিলতার কারণেই মূলত আটকে যায় পিরলোর আগমন।

অথচ মাত্র ১৬ দিন আগেই এই জুটিকে দায়িত্বে এনেছিলেন মালাগো। মালদিনিকে করা হয়েছিল টেকনিক্যাল ডিরেক্টর আর লিওনার্দোকে তাঁর উপদেষ্টা।  পাশাপাশি ‘ক্লাব ইতালি’ প্রজেক্টের ভারও তুলে দেওয়া হয়েছিল মালদিনির কাঁধে।

ইতালির কোচের দায়িত্ব পাচ্ছেন না আন্দ্রেয়া পিরলো

পিরলোর আগে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে কোচ করতে চেয়েছিলেন মালদিনিরা।  আনচেলত্তির পর গার্দিওলা সরাসরি না বলে দেওয়ার পর মালদিনি নজর দিয়েছিলেন তাঁর সাবেক সতীর্থ ও বন্ধু আন্দ্রেয়া পিরলোর দিকে। জাতীয় দলকে কেন্দ্র করে যে টেকনিক্যাল প্রজেক্ট গড়ে তোলার স্বপ্ন মালদিনি দেখছিলেন, পিরলোর ভাবনাও মিলে গিয়েছিল।

কিন্তু রাশিয়ান স্পনসরকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট সেই পিরলোর সম্ভাবনাকেও নষ্ট করে। ফেডারেশন সভাপতির কাছ থেকে পর্যাপ্ত সমর্থন বা সুরক্ষা কোনোটাই পাচ্ছেন না অনুভব করে তখনই পদত্যাগের ভাবনা গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেন মালদিনি।

এরপর আজ ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা বৈঠকে টেবিলে ওঠে অন্য বিকল্প নামও। ইন্টার মিলান ও পিএসজিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে থিয়াগো মোত্তার নাম প্রস্তাব করেন লিওনার্দো। সেই প্রস্তাব অগ্রাহ্য করা হলে পদত্যাগের সিদ্ধান্ত নেন দুজন।

ফলে ইতালিতে নতুন কোচের সন্ধান এখন আবার শূন্য থেকেই শুরু করতে হচ্ছে।



No comments

Powered by Blogger.