Header Ads

Header ADS

মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে সরকার ও বিরোধী দলের চুপ থাকার কারণ জানতে চায় জনগণ

সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি নিয়ে বর্তমান সংসদের সরকারি দল বিএনপি জোট ও বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র ফেডারেশন।

সংগঠনটির নেতারা বলছেন, সরকার ও বিরোধী দলের এই চুপ থাকার কারণ বাংলাদেশের জনগণ জানতে চায়। যদি এই চুক্তি সংসদে উত্থাপন করে বাংলাদেশের স্বার্থ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ধারাগুলো বাতিল করা না হয়, তাহলে দেশের জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা এ কথা বলেন।

হামে আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা, হাসপাতালে হাম কর্নার স্থাপন ও টিকা অব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে এই বিক্ষোভের আয়োজন করে ছাত্র ফেডারেশন।

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, ‘জনগণের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে সংসদ ও রাজনৈতিক দলগুলোর নীরবতা দেশের মানুষের সঙ্গে একধরনের প্রতারণা। আমরা সংসদ অধিবেশনে এই চুক্তির গণবিরোধী শর্তগুলো উত্থাপন করে তা বাতিলের আহ্বান জানাই।’

হামে আক্রান্ত শিশুদের জীবন গুরুতর ঝুঁকিতে উল্লেখ করে মশিউর বলেন, প্রতিদিন শিশুর মৃত্যু ঘটছে। এটি একটি জাতীয় জরুরি অবস্থা। অবিলম্বে হাসপাতালে হাম সেন্টার স্থাপন, স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার এবং জরুরি চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিকে রাষ্ট্রের অগ্রাধিকার ঘোষণার পাশাপাশি হামের টিকা অব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে একজন কলেজছাত্রসহ দুজনের বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানান ছাত্র ফেডারেশনের সভাপতি। ভারতীয় দূতাবাসের মাধ্যমে এ ঘটনার জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবন রক্ষায় সরকারের কঠোর ও কার্যকর অবস্থান প্রত্যাশিত।

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। আমরা একদম শুরুতেই দাবি করেছিলাম, এই চুক্তি সংসদে বিল আকারে উত্থাপন করে তা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সরকার সেই পথে হাঁটছে না। এমনকি বিরোধী দলও এই চুক্তি নিয়ে টুঁ শব্দ করছে না। তাদের এই চুপ থাকার কারণ বাংলাদেশের জনগণ জানতে চায়।’

ছাত্র ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আরা সুমু সমাবেশ সঞ্চালনা করেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক, ঢাকা মহানগর শাখার সভাপতি আল-আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশের পর রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।



No comments

Powered by Blogger.