Header Ads

Header ADS

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর–১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এ সময় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেন। এতে দুই হাঁটুতে গুলিবিদ্ধ হয় আদহাম। এ ঘটনায় ওই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে একটি মামলা করেন।

আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে আসামি মাহবুব আলীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর পর থেকে তিনি কারাগারে।



No comments

Powered by Blogger.